ছাত্রদল কর্মীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আলী মর্তুজা নামে (২০) ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে আহত করেছেন। গতকাল রোববার হাকিমপুর ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। আলী মর্তুজা হাকিমপুর হাসপাতালে চিকিৎ সাধীন।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক সুমন সাহার নেতৃত্বে ৮-১০ জন বহিরাগত সন্ত্রাসী আলী মর্তুজাকে স্থানীয় হাসপাতাল মোড় থেকে কলেজে ধরে এনে মারধর করতে থাকে। এ সময় কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান এবং ইতিহাস বিভাগের শিক্ষক ওসমান গনি মর্তুজাকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজে গেলে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। মর্তুজা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে হাকিমপুর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্রদল কলেজ শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, মর্তুজা হাকিমপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কর্মী।সুমন সাহা বলেন, ‘আলী মর্তুজা কলেজে এসে হরতালের কথা বলে কলেজ বন্ধ করে দেওযার হুমকি দেয়। সে খুব বেয়াদব। আমাদের সামনে ধূমপান করছিল। আমরা এর প্রতিবাদ করায় সে আমাদের ওপর খেপে ওঠে।’ কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা মর্তুজাকে মারধর করলে আমরা বাধা দিই। তার পরও তারা তাকে মারতে থাকে।’