ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীকে গতকাল মঙ্গলবার বেধড়ক পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। ক্যাম্পাসের কে আর মার্কেটে এ মারধরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ক্লাস করতে আসে। এ কথা জানতে পেরে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী ওই শ্রেণীকক্ষের বাইরে অবস্থান নেন। খবর পেয়ে প্রক্টর শহীদুর রহমান খান গিয়ে ছাত্রদলের ওই সদস্যদের নিরাপদে বের করে আনেন।
এদিকে ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা কিছুক্ষণ পর ক্যাম্পাসের কে আর মার্কেটে যান। সেখানে তাঁরা ছাত্রদলের আরেক কর্মী ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসানকে পেয়ে বেধড়ক পেটান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার সদস্যরা গিয়ে নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করায়।
ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কয়েক দিন ধরে বঙ্গবন্ধুকে নিয়ে নানা কটূক্তি এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই ছাত্রদলকে হুঁশিয়ার করতে ওদের এক কর্মীকে একটু শাসন করা হয়েছে।