ছাত্রদল ক্যাডারসহ ১৭ জন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীসহ তিন হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মহানগর পুলিশের কোতোয়ালি থানা, জালালাবাদ থানা ও বিমানবন্দর থানায় দায়ের করা ওই তিন মামলার তদন্ত কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এসব অভিযোগপত্র একসঙ্গে দাখিল করেন। পুলিশ সূত্র জানায়, ২০১০ সালের ২২ জুলাই কলেজছাত্র সৌরভ আহমদ হত্যা মামলায় বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল ছাত্রদলের চারজন ক্যাডারকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা আরজু মিয়া, শেখ আল-মামুন রাজু, বড়ইকান্দির মোস্তাফিজুর রহমান নওশাদ, আম্বরখানার সিদ্দিকুর রহমান ওরফে শুঁটকি সিদ্দিক। নগরের সাগরদীঘিরপাড়ে গত ১৮ আগস্ট রাতে আবদুল আহাদ হত্যা মামলায় অজ্ঞাতনামা চারজন খুনিকে শনাক্ত করে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রায়হান আলী তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—সিলেট নগরের আখালিয়া বড়বাড়ির বাসিন্দা এনামুল হক রাজীব, সোহেল আহমদ, শিবগঞ্জের মোহাম্মদ রিপন, ইনাতবাদের জীবন রহমান ওরফে জালাল।গত ৬ সেপ্টেম্বর রাতে সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় ফয়জুর রহমান হত্যা মামলায় জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।