ছাত্রদল-ছাত্রলীগ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে হাজী বশির আহমদ উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় গতকাল শনিবার ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। গতকাল বেলা দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকে। একই সময় একই স্থানে স্থানীয় ছাত্রদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সভা ডাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়। ছাত্রদল শাহপরীর দ্বীপ শাখার সভাপতি আবদুল মাবুদ অভিযোগ করেন, তাঁরা ২০ রমজানের পর থেকে বশির আহমদ উচ্চবিদ্যালয় মাঠে দলীয়ভাবে ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। ছাত্রলীগ এতে বাধা দিতে হঠাৎ করেই একই স্থানে একই সময় সভা ডাকে।পাল্টা অভিযোগ করে ছাত্রলীগ শাহপরীর দ্বীপ শাখার সভাপতি আবদুল বাসেত বলেন, মানবতাবিরোধীদের রক্ষায় ছাত্রদলের ছত্রচ্ছায়ায় ছাত্রশিবির সরকারবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে এ কর্মসূচি ঘোষণা করে। তা প্রতিহত করতেই তাঁরাও সেখানে সভা ডাকেন। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়।