কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় গতকাল বৃহস্পতিবার ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। মুঠোফোন ছিনতাই ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয় বলে জানা গেছে।
আহত দুজন হলেন ছাত্রদলের কর্মী দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ এবং ছাত্রলীগের কর্মী প্রীতম। আহত রাশেদকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার অফিস কক্ষের সামনে ছাত্রদলের কর্মীরা প্রীতম নামের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেন। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা কলেজে আসেন। এ সময় তাঁরা ফাহিম হোসেন নামের এক ছাত্রের মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের কর্মী রাশেদকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন দাবি করেন, রাশেদের বিরুদ্ধে মুঠোফোন চুরির অভিযোগ ভিত্তিহীন। ছাত্র নামধারী কিছু দুর্বৃত্ত কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে। বহিরাগত ছাত্রলীগের কর্মীরা রাশেদকে কুপিয়ে জখম করেন।
কলেজের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগের এক কর্মীর মুঠোফোন ছিনতাইয়ের কারণে ওই ঝামেলা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়েছে বলে আমরা শুনেছি। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।’