ছাত্রদল-ছাত্রলীগ হামলা ও সংঘর্ষে আহত ৫
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ছাত্রদলের আমিশাপাড়া ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী শাহজামাল ওরফে শিমুল (২০) এবং ছাত্রলীগের মো. সাকিল (২২) ও মো. মিলন (২১)। এঁদের মধ্যে শাহজামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর কমিটি গঠন নিয়ে আলোচনা শেষে ছাত্রদল একটি মিছিল বের করে। একই সময় ছাত্রলীগের একদল কর্মীও একটি মিছিল বের করে। মিছিলে আপত্তিজনক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর চড়াও হয়। এ সময় ছাত্রলীগ কর্মীরা আমিশাপাড়া বাজারে এসে অবস্থান নেয়।