ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় গত বৃহস্পতিবার দুই সংবাদকর্মীকে মারধর করে ক্যামেরা ও ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে ১৮ জন ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার রাতে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ ওরফে মুকুট ও সভাপতি ইউছুফ রুবেলকে প্রধান আসামি করে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন হামলার শিকার সংবাদকর্মী শহিদুল ইসলাম ওরফে হিরু।
মামলার এজাহার থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পেকুয়া বাজার মাঠে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বার্ষিক সাধারণ সভা চলাকালে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও বিএনপির নেতা আবদুল মোনাফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সভামঞ্চে ভাঙচুর চালান ছাত্রদল নেতা-কর্মীরা। ওই সময় সংর্ঘষ ও ভাঙচুরের চিত্র ধারণ করেন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালীর প্রতিনিধি মো. ফারুখ ও দৈনিক আমাদের কক্সবাজার-এর প্রতিনিধি শহিদুল ইসলাম ওরফে হিরু।
এ ঘটনার পর ওই দিন দুপুরে বাজারের একটি দোকানে বসে থাকা অবস্থায় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ ওরফে মুকুটের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা ওই দুই সংবাদকর্মীর ওপর হামলা করেন।
সংবাদকর্মী মো. ফারুখ বলেন, সংঘর্ষের সময় কেন চিত্রধারণ করেছি? জানতে চেয়ে ছাত্রদল নেতা কামরান জাদিদের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা তাঁকে কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাঁরা লাঠি ও ইট নিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।
তবে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ সংবাদকর্মীদের নিজে মারেননি দাবি করে বলেন, ‘উত্তেজিত নেতা-কর্মীরা ওই দুই সংবাদকর্মীকে মেরেছেন, আমি ঘটনাস্থলে না থাকলে আরও বড় ঘটনা হতে পারত।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এখন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।