নোয়াখালী শহরের পশ্চিম মাইজদী এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের গুলিতে জেলা ছাত্রদলের এক নেতা এবং ধারালো অস্ত্রের কোপে এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন ছাত্রদলের জেলা কমিটির সদস্য মিজানুর রহমান (৩০) ও মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (৬৫)। এর মধ্যে মিজানকে শহরের সিটি হাসপাতালে ও খোরশেদ আলমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন রাত আনুমানিক তিনটার দিকে দুটি মাইক্রোবাস নিয়ে ১৫ থেকে ১৬ জনের একদল সশস্ত্র ডাকাত পশ্চিম মাইজদীর ইদ্রিস মহাজনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর গৃহকর্তাকে হাত-পা বেঁধে কুপিয়ে আহত করে এবং অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করে।এ ব্যাপারে গৃহকর্তা জানান, ডাকাতেরা তাঁর ঘর থেকে সাড়ে চার হাজার ইউরো, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সত্তর হাজার টাকা লুট করে নেয়। তাঁদের চিৎকারে পাশের বাসার ভাড়াটিয়া জেলা ছাত্রদলের নেতা মিজানুর রহমান বেরিয়ে এলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। ডাকাতেরা মিজানুরের বাসার লোকজনকে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোনসেট এবং ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।জানতে চাইলে ডাকাতির ঘটনা নিশ্চিত করেন সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক।