ছাত্রদল নেতা টিংকু দাশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টিংকু দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের মুরাদপুর ফরেস্ট গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘টিংকু দাশ পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছয়টির বেশি মামলা রয়েছে।’
ওসি আরও বলেন, ‘টিংকু দাশ নগরের বায়েজিদ বোস্তামী পলিটেকনিক গেট এলাকায় হরতাল চলাকালে লেগুনাচালক মিতুলকে পুড়িয়ে মারার মামলার আসামি। এ মামলায় গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে টিংকু দাশের নাম বলেছে।’
অভিযোগ অস্বীকার করে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় টিংকু দাশকে সন্ত্রাসী সাজিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা রাজনৈতিক হয়রানিমূলক।’