ছাত্রদল নেতা সুমনকে গ্রেপ্তার কেন বেআইনি নয়: আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর আগে সাজেদুল ইসলাম ওরফে সুমন নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার বা অপহরণ বা নিখোঁজ করার ঘটনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও এ কে এম সাহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন একেএম আহসানুর রহমান।


শুনানি শেষে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ৪ ডিসেম্বর সুমনসহ আরও চারজনকে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে র‍্যাবের কালো পোশাক পরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে র‍্যাব-১ লেখা একটি মাইক্রোবাস ও তিনটি গাড়ি ছিল। ২ বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। সুমনের ওই নিখোঁজ হওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, র‍্যাবের মহাপরিচালকসহ ১৩ বিবাদীকে এ রুলের জবাব দিতে হবে।