ছাত্রদল নেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান ওরফে পাপ্পুকে (২২) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এ রায় ঘোষণা করেন।

ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আজিজুল হক প্রামাণিক জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডোমার উপজেলার বাগডোকরা গ্রামের কামরুজ্জামান ওরফে সেবু (২৮), লালমনিরহাট জেলা সদরের নওদাবস গ্রামের সিরাজুল ইসলাম (৪৩) ও একই জেলা সদরের ছাটহর নারায়ণ গ্রামের বুদ্ধদেব রায় বৈদ্য (৪২)। সিরাজুল ও বুদ্ধদেব পলাতক আছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ডোমার পৌরসভার চিকনমাটি গ্রামের রাকিব হাসান পাপ্পুকে ২০১৩ সালের ১৭ জুলাই রাতে তাঁর চাচা ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলামের চাকরিচ্যুত গাড়িচালক কামরুজ্জামান মোবাইলে ফোন করে ডেকে নেন। পরে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বুড়ারডোবা এলাকা থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন তাঁর আরেক চাচা মোখদুমুল হক বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা করেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াহাব চৌধুরী বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে।