ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তরা নাজমুল হোসেন (২০) নামে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। গত শনিবার রাতে তাঁকে কৌশলে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
পুলিশ গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের পাশে পৌর এলাকার হাজরাহাটি গ্রামের একটি আমবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। নাজমুল চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কেদারগঞ্জ এলাকার নূর আজমের ছেলে।
পুলিশ জানায়, নাজমুল ছাত্রলীগ নেতা কনক আহমেদ ওরফে টুটুল হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের মার্চে দুর্বৃত্তরা কনক আহমেদকে কুপিয়ে হত্যা করে।
নাজমুলের মামা বিল্লাল হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় কে বা কারা নাজমুলকে মুঠোফোনে ডেকে নেয়। মুঠোফোনে কথা বলার পর বাইরে যাওয়ার আগে নাজমুল তাঁর মা আনোয়ারা বেগমকে জানান, কিছুক্ষণ পর বাড়ি ফিরবেন। কিন্তু সারা রাত বাড়ি না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাওয়া যায়।
সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, নাজমুলের কপালে, কাঁধে ও গলায় একাধিক ছুরিকাঘাত এবং পিঠে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
ছাত্রদল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি আশিকুল হক শিপুল জানান, নাজমুল ছাত্রদলের ওই কলেজ কমিটির নির্বাহী সদস্য।
পুলিশ জানায়, নাজমুল ছাত্রলীগের নেতা কনক আহমেদ হত্যা ও ছাত্রলীগের আরেক নেতা রাজু আহমেদ হত্যা প্রচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।