ছাত্রদল নেতাকে না পেয়ে মা ও বাবাকে ধরে নিয়ে গেল 'র্যাব'
‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে দেশের ১০ জেলায় অভিযান চালিয়ে ৭১ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
নরসিংদীতে গত শুক্রবার গভীর রাতে ছাত্রদলের এক নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযানকালে তাঁকে না পেয়ে তাঁর বাবা-মা, একটি শিশুসহ পাঁচজনকে আটক এবং তাঁর বাড়ির অধিকাংশ আসবাব ও তৈজসপত্র ভাঙচুর করা হয়। র্যাব সদস্যরা এই অভিযান চালিয়েছেন বলে পুলিশ দাবি করলেও র্যাব তা অস্বীকার করেছে।
এ ছাড়া সিলেটে ২৮, সাতক্ষীরায় পিস্তল-গুলিসহ একজন ও গান পাউডারসহ আটজন এবং জয়পুরহাটের কালাইয়ে দুজন, সীতাকুণ্ড থেকে নয়জন, কুমিল্লার মনোহরগঞ্জে চারজন, পটুয়াখালীর গলাচিপায় ককটেলসহ দুজন, শেরপুরে দুজন, পাবনার ঈশ্বরদীতে নয়জন এবং বান্দরবানের আলীকদমে একজনকে আটক করা হয়। শুক্রবার রাত থেকে গতকাল রাত ১০টা পর্যন্ত অভিযানে এসব আটকের খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা:
নরসিংদীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে না পেয়ে বাবা-মা, তাঁর সাত বছর বয়সী ভাগনেসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাঁরা বাড়ির অধিকাংশ আসবাব ও তৈজসপত্র ভেঙে ফেলে। গত শুক্রবার রাত দেড়টার দিকে শহরের তরোয়া জেলখানা মোড় এলাকায় রউফের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় গতকাল দুপুর একটার দিকে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘অভিযান চালিয়েছে র্যাব। তাঁদের সদস্যরাই রাতে এসে রউফের বাবা-মা, ভাগনে ও দুই গৃহকর্মীকে থানায় রেখে যায়। তাই ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। আর আবদুর রউফকে না পেয়ে র্যাব তাঁর বাবা-মাকে আটক করেছিল। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আজ (গতকাল) দুপুর একটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।’
তবে ছাত্রদল নেতার বাড়িতে অভিযান ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছে র্যাব। র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাইফ প্রথম আলো প্রতিনিধিকে উল্টো প্রশ্ন করে বলেন, ‘আমরা অভিযান চালিয়েছি আপনাকে কে বলল?’
সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মহানগর পুলিশ বিএনপি ও শিবিরের কর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগর পুলিশের পাঁচটি থানা এলাকা থেকে এঁদের আটক করা হয়।
সাতক্ষীরার বিভিন্ন স্থানে শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় যৌথ বাহিনী তিন কেজি গান পাউডারসহ কিছু পরিমাণ মিথাইল ও ফরমিক অ্যাসিড উদ্ধার করা হয়। একই রাতে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী মাদরাসা এলাকা থেকে পিস্তল, গুলিসহ বিএনপির এক কর্মীকে আটক করেছে বিজিবি। তাঁকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, সদর উপজেলার ভোমরা বন্দরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের আট কর্মীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে নির্বাহী হাকিম এস এম মাহাবুবুর রহমানের আদালত এই সাজা দেন।
জয়পুরহাটে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় শুক্রবার রাতে গান পাউডার, পাথরের কুচিসহ দুজনকে গ্রেপ্তার করেছে কালাই থানার পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ছয়জন ও গতকাল দুপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে অভিযানের সময় ফৌজদারহাট এলাকায় রেললাইনের ধার থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। দুপুরে আটক তিনজনই ছাত্রদলের নেতা-কর্মী।