ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম (২৬) নামের ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে আহত করেছেন।
সোনাগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সোনাগাজী উপজেলার দারোগারহাট বাজারে স্থানীয় মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে একা পেয়ে ছাত্রলীগের চার-পাঁচজন কর্মী ঘিরে ধরে এবং গত রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বিরোধিতার কারণ জানতে চান।
এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা সাইফুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করান। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।