ছাত্রদল নেতাকে মারধর উপাচার্যের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহিম ওরফে সৈকতকে গতকাল রোববার ছাত্রলীগের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে কামাল উদ্দিন হলের সামনে ছাত্রলীগের চার-পাঁচজন কর্মী লোহার পাইপ ও রড নিয়ে রহিমকে ধাওয়া করে। রহিম দৌড়ে পালানোর সময় পড়ে গেলে হল শাখা ছাত্রলীগের কর্মী ও ৩৯তম ব্যাচের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র জুয়েল রানা ও দ্বীন মোহাম্মদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এনামুল হক ভূইয়া এবং দর্শন বিভাগের তানভীর হাসান খান লোহার পাইপ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় রহিমকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে এবং পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বেলা দুইটার দিকে উপাচার্য মো. আনোয়ার হোসেন দুই সহ-উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডি নিয়ে তাঁকে দেখতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় উপাচার্য ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। একপর্যায়ে ছাত্রদল নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন উপাচার্য। উত্তেজিত নেতা-কর্মীরা তাঁর গাড়ি ভাঙচুর করেন।

উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ (রোববার) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভা ডেকেছি। সভায় ছাত্রকে মারধর এবং গাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ কামাল উদ্দিন হল শাখার নেতার ওপর ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘ছাত্রদলের নেতাকে মারধরের ঘটনায় আমরা তদন্ত কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত করে সংগঠনের কোনো কর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’