সিলেটে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম জিল্লুল হক (৩০)। তিনি ছাত্রদলের গোবিন্দগঞ্জ কলেজ শাখার সভাপতি ছিলেন। গতকাল শুক্রবার রাতে নগরের পাঠানটুলায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতা-কর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। রাত নয়টা পর্যন্ত অবরোধ চলছিল।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে রক্তমাখা ছুরিসহ ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে। এঁরা হচ্ছেন সায়েম (৩০) ও ফরিদ (২৮)। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, আটক দুজনের কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকারও করেছে। এতে ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দলে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় ছাত্রদলের নেতা জিলু মদিনা মার্কেট থেকে পাঠানটুলায় এসে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ঠান্ডা পানীয় পান করছিলেন। রাত সাড়ে সাতটার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন অস্ত্রধারী তাঁকে ধাওয়া করে। জিলু তখন দৌড়ে একটি গলির ভেতর গিয়ে আশ্রয় নিলে সেখানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।