ছাত্রদল নেতাকে হত্যা, পালানোর সময় গণপিটুনিতে তরুণ নিহত
বাগেরহাট সদর উপজেলায় গত সোমবার প্রকাশ্যে শেখ আবুল কালাম আজাদ নামের ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন৷ খুন করে পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে রাজীব হাওলাদার নামের এক তরুণ নিহত হন৷ আহত হন মামুন শেখ (২৪) নামের আরেকজন৷
নিহত আবুল কালাম আজাদ (২৭) সদর উপজেলার বেমরতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে৷ তিনি খুলনা আইন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ও সোনালী ব্যাংক বাগেরহাট আঞ্চলিক শাখায় মাস্টাররোলে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। আর গণপিটুনিতে নিহত রাজীব (১৮) একই ইউিনয়নের কলাবাড়িয়া গ্রামের ফারুক হাওলাদারের ছেলে৷ এ ঘটনায় আবুল কালাম আজাদের বাবা সোমবারই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ আর রাজীবকে হত্যার ঘটনায় পুলিশ অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে আজাদ বাড়ি থেকে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজারের একটি চায়ের দোকানে তিনি চা খান৷ চা খেয়ে রিকশায় ওঠার সময় ওত পেতে থাকা রাজীব ও তাঁর সহযোগী মামুন শেখ হঠাৎ আজাদের ওপর হামলা চালান। আজাদের বুকে ও পেটে ছুরিকাঘাত করেন রাজীব৷ এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চোখের সামনে এ হত্যাকাণ্ড দেখে আশপাশের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন৷ তাঁরা তৎক্ষণাৎ রাজীব ও মামুনকে ধাওয়া করেন৷ একপর্যায়ে তাঁরা প্রায় এক কিলোমিটার দূরে কলাবাড়িয়া পোলের কাছে জনতার হাতে ধরা পড়েন। এ সময় গণপিটুনিতে রাজীব মারা যান৷ পুলিশ আহত অবস্থায় মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন অভিযোগ, রাজীব ও মামুন বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় থেকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালাতেন৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত আবুল কালাম আজাদকে হত্যার কারণ জানা যায়নি৷ আটক মামুনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করা যায়, এর মাধ্যমে এ হত্যার কারণ জানা যাবে।