ছাত্রদল নেতাকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
নীলফামারীর ডোমার কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিব হাসানকে খুনের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া তিনজন হলেন ডোমার উপজেলার বাগডোকরা গ্রামের কামরুজ্জামান (২৮), লালমনিরহাট সদরের নওদাবস গ্রামের সিরাজুল ইসলাম (৪৩) ও ছাটহর নারায়ণ গ্রামের বুদ্ধদেব রায় বৈদ্য (৪২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৭ জুলাই রাতে ডোমার পৌরসভার চিকনমাটি গ্রামের রাকিবকে (২২) তাঁর চাচা পৌরসভার মেয়র মনছুরুল ইসলামের চাকরিচ্যুত গাড়িচালক কামরুজ্জামান কৌশলে মুঠোফোনে ডেকে নেন। পরে তাঁকে উপজেলার বুড়ারডোবা এলাকায় গলা কেটে হত্যা করা হয়। এরপর তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে খুনিরা পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন কামরুজ্জামানকে প্রধান আসামি করে ডোমার থানায় হত্যা মামলা করা হয়। এর কয়েক দিনের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে। তাঁদের মধ্যে সিরাজুল ও বুদ্ধদেব রায় দীর্ঘ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। এরপর থেকে তাঁরা পলাতক। তবে কামরুজ্জামান কারাগারে আছেন। গতকাল রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় শোনার পর তিনি চুপচাপ থাকেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আজিজুল হক প্রামাণিক প্রথম আলোকে বলেন, এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াহাব চৌধুরী বলেন, ‘আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।’