নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারের পর আজ সোমবার জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ নেতা। তাঁদের মুক্তির পর বিশ্ববিদ্যালয়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রদল।
গতকাল রোববার রাতে নগরের মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং বিভিন্ন অনুষদ ও হলের আহ্বায়কসহ ১৯ নেতাকে আটক করে পুলিশ। এঁদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়। বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হক বলেন, আজ দুপুর একটার দিকে মহানগর হাকিম আদালত-৩-এ এই ১৪ নেতার জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক শারমিন আক্তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল ১০টার দিকে ছাত্রদলের ১৪ নেতাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ছাত্রদলের নেতাদের মুক্তির দাবিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসানুজ্জামান অলিন। তবে সেই ধর্মঘটে তেমন সাড়া মেলেনি। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্ধারিত সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক দিনের মতোই ছিল। তবে ধর্মঘটের সমর্থনে ছাত্রদলের কোনো কর্মসূচি চোখে পড়েনি।
ছাত্রদলের নেতারা জামিনে মুক্তি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আহসানুজ্জামান অলিন ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।