ছাত্রদল নেতার গোড়ালি কেটে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে একদল সন্ত্রাসী পটুয়াখালী জেলা ছাত্রদলের তথ্যবিষয়ক সম্পাদক মো. জিয়াউর রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে বাঁ পায়ের গোড়ালি কেটে দিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় জিয়াউরকে প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়।আহত জিয়াউর রহমানের ভাই কুয়াকাটা খানাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান জানান, পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র জিয়াউর এক সপ্তাহ আগে বাড়িতে আসে। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাকে বাড়ি থেকে ধরে নীলগঞ্জের পাখীমারা বাজারে নিয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা কুড়াল দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে। ছিদ্দিকুর রহমান এ হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেন।তবে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুর রহমান তালুকদার বলেন, জিয়াউর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় ইতিপূর্বে তিনি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তার ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কেউ জড়িত নন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, তিনি এ ধরনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। তবে এখনো এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।