ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর ছাত্রদলের সভাপতির বাড়িতে যৌথ বাহিনীর অভিযানের সুযোগে একদল দুর্বৃত্ত হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যৌথ বাহিনীর সদস্যরা ছাত্রদল নেতার বাড়িতে অভিযান চালালেও তাঁকে না পেয়ে তাৎক্ষণিক ফিরে আসেন। ছাত্রদল সভাপতি ওবায়দুল হক ওরফে রাফেল পরিবারের সদস্যদের বরাত দিয়ে অভিযোগ করেন, রাত আটটার দিকে পৌরসভার রামদি এলাকায় তাঁর বাড়িতে যৌথ বাহিনীর একদল সদস্য তাঁকে ধরতে অভিযান চালান। একই সময় সাদাপোশাকের কিছু লোকও তাঁদের বাড়িতে যায়। ওবায়দুল হকের অভিযোগ, যৌথ বাহিনী তাঁকে না পেয়ে চলে আসার পর অজ্ঞাতনামা ওই ব্যক্তিরা তাঁদের ঘরে আলমারিসহ বিভিন্ন আসবাব ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এমনকি যাওয়ার সময় ওই লোকেরা তাঁকে (ওবায়দুল হক) হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে গেছে বলে তাঁর মা তাঁকে জানিয়েছেন।
ছাত্রদল নেতা ওবায়দুল হকের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানের কথা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, যৌথ বাহিনীর সদস্যরা ছাত্রদল নেতা ওবায়দুল হকের বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসেন।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, যৌথ বাহিনীর সঙ্গে অন্য কোনো লোক ছিলেন না। যাঁরা ছিলেন সবাই পোশাক পরা। তা ছাড়া পরে ওই বাড়িতে কোনো ধরনের হামলা-ভাঙচুর বা লুটপাটের কোনো অভিযোগও কেউ থানায় করেনি।