ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ২০
মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা আনিসুর রহমান তালুকদারের বাড়িতে গতকাল রোববার ছাত্রলীগের এক নেতার সমর্থকেরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় ছাত্রদলের ওই নেতার বাবার সমর্থকেরাও পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।এ ঘটনার প্রতিবাদে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদল গতকাল বেলা তিনটায় বিক্ষোভ মিছিল ও স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাজী বাকাই ইউনিয়নের বাসিন্দা ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের বাবা এচাহাক তালুকদারের সমর্থক তাইজুল বেপারী গতকাল সকালে ঘোষের বাজারে ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী সবুজকে লাঞ্ছিত করেন। এ খবর পেয়ে তাঁর সমর্থকেরা হামলা চালিয়ে আনিসুর রহমানের ঘরসহ পাঁচটি ঘর, চারটি দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় এচাহাক তালুকদারের সমর্থকেরাও পাল্টা হামলা চালায়। খবর পেয়ে র্যাব, ডিবি ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পাল্টাপাল্টি হামলায় এচাহাক তালুকদার, তাঁর স্ত্রী গোলবাহার বেগম, লাভলু তালুকদার, আক্তার তালুকদার এবং অপর পক্ষের কাজী সবুজ ও লিটন রায় আহত হন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাব ও ডিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখন শান্ত। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।