ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
‘তুই ছাত্রদলের নিউজ করিস কার কথা শুনা। তুই কি ছাত্রদলের সভাপতি হছু নাকি বে!। আজ (বুধবার) বিকালের মধ্যে হামার নাম দিয়া নিউজের সংশোধন দিবু। আর না হলে রেডি হইয়া থাকিস, বিকালে তোর পায়ের গিরা কাটা নিমু। তোক কে বাঁচায় সেডায় দেকমু।’ এ কথাগুলো দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোজাফ্ফর রহমানের।প্রতিবেদন প্রকাশের জেরে ছাত্রদলের নেতা মোজাফ্ফর রহমান বুধবার মুঠোফোনে সাংবাদিক পবনকুমার আগরওয়ালাকে এভাবে হুমকি দেন। পবনকুমার দৈনিক যুগান্তর এবং স্থানীয় মুক্ত সকাল পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় তিনি ২ সেপ্টেম্বর দুপচাঁচিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে উল্লেখ করা হয়েছে, পবনকুমার ৩১ আগস্ট স্থানীয় একটি ইফতার মাহফিল নিয়ে প্রতিবেদন করার জন্য তথ্য সংগ্রহ করেন। প্রতিবেদনটি পরদিন স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ছাত্রদলের নেতা মোজাফ্ফর রহমানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নাম ছিল। এতে তিনি (মোজাফ্ফর) ক্ষিপ্ত হয়ে বুধবার মুঠোফোনে পবনকুমারকে প্রাণনাশের হুমকি দেন এবং গালিগালাজ করেন।উপজেলা ছাত্রদলের সভাপতি মোজাফ্ফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, অভিযোগ তদন্ত করে ছাত্রদলের ওই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।