কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা লাগাতার ধর্মঘট আজ শনিবার শুরু হয়েছে। ধর্মঘটের কারণে অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
দু-একটি বিভাগে সীমিতসংখ্যক ক্লাস ও পরীক্ষা হয়েছে। সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাসে ভাঙচুর চালিয়েছেন।
ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক মুত্তাকিন রহমানের মুক্তির দাবিতে এই ধর্মঘট ডাকা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে গাড়াগঞ্জ নামক স্থানে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা দুটি ও সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ঝিনাইদহ যাওয়ার পথে আমতলা নামক স্থানে তিনটি বাসে ভাঙচুর চালিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে কুষ্টিয়া শহর থেকে পুলিশ প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ক্যাম্পাসে আনা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা মো. কামরুল ইসলাম ঝিনাইদহে তিনটি বাস ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ক্যাম্পাসে আনা হচ্ছে।
ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও বিজ্ঞানবিষয়ক সম্পাদকের মুক্তির দাবিতে আমরা লাগাতার ধর্মঘট ডেকেছি। দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ধর্মঘট অব্যাহত থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
ওই দুই নেতার মুক্তির দাবিতে ২৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।