বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরের সিও বাসস্ট্যান্ডের অদূরে গতকাল রোববার ট্রাকচাপায় থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক (৩০) নিহত হয়েছেন। প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিকেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। একই দিন নওগাঁ ও বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:দুপচাঁচিয়া (বগুড়া): নিহত ছাত্রদলের নেতা ব্যবসায়িক কাজ শেষে বিকেল চারটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সিও বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করেন। এ সময় একটি ট্রাক ভাঙচুরসহ চালক ও সহকারীকে মারধর করা হয়। প্রতিবাদে মেইল বাসস্ট্যান্ড ড্রাইভার একতা সমিতির নেতা ও শ্রমিকেরা ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁ: মান্দা উপজেলার দেলুয়াবাড়ী নামক স্থানে দুপুরে বাসের ধাক্কায় ভটভটির দুই যাত্রী নিহত ও নারী-শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মজিদপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী সহিদা বেগম (৬০) ও রাজশাহীর তানোর উপজেলার ধানতৈড় গ্রামের আরজান আলী (৬২)। দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দিলে যানটি উল্টে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। দুর্ঘটনায় কামরুজ্জামান (৫০), আবদুল আলীম (৩৫), ফাহিমা খাতুন (৪০) ও আবদুল বারীসহ বিলকিছ (৮) নামের এক শিশু আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যক্তিরা সবাই মান্দা উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। শেরপুর (বগুড়া): সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা বাজার এলাকায় ভোর সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মহাসড়ক পারাপারের সময় দূরপাল্লাগামী গাড়ির চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।