রাজধানীর পরীবাগ ও বাংলামোটরে বাসে পেট্রলবোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন রবিউল ইসলাম ওরফে নয়ন (২৬), অনুপ চন্দ্র রায় (২৪) ও জোবায়ের হোসেন (২২)। এ তিনজনসহ আরও কয়েকজন পরীবাগের ঘটনায় জড়িত। তবে রবিউল ও অনুপ বাংলামোটরের ঘটনায় জড়িত। রবিউল ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ছাত্রদলের মোহাম্মদপুর থানা শাখার যুগ্ম আহ্বায়ক। অনুপ বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিষয়ের শেষ বর্ষের ছাত্র। জোবায়ের ছাত্রদলের কর্মী।
৩ জানুয়ারি সকালে পরীবাগে যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা হামলায় তিনজন দগ্ধ হন। তাঁদের মধ্যে ইনস্যুরেন্স কর্মকর্তা শাহীন আক্তার ও ফল ব্যবসায়ী ফরিদ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ২৪ ডিসেম্বর রাতে বাংলামোটরে পুলিশের রিকুইজিশন করা মিনিবাসে ছোড়া পেট্রলবোমার আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস খলিল। দগ্ধ হন আরেক কনস্টেবল ফাইজুল ইসলাম ও মিনিবাসের চালক বায়েজীদ খান। থানা পুলিশের পাশাপাশি ডিবির উপকমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায়ের নির্দেশনায় এ দুটি ঘটনার ছায়া তদন্ত শুরু করে ডিবি।
তিন যুবককে গ্রেপ্তার প্রসঙ্গে মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ৬ জানুয়ারি কলাবাগান থানা এলাকার একটি বেসরকারি ভবনের কাছে ওই তিনজনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কলাবাগান থানায় একটি মামলাও হয়।
পরে আসামিদের জিজ্ঞাসাবাদ, তদন্ত ও প্রযুক্তিনির্ভর তথ্য পর্যালোচনার মাধ্যমে পরীবাগ ও বাংলামোটরে হামলায় ওই তিনজনের জড়িত থাকার প্রমাণ পায় ডিবি। পরে বাংলামোটরে হামলার ঘটনায় রমনা থানায় হওয়া মামলায় তাঁদের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
মনিরুল বলেন, পরীবাগের ঘটনার ব্যাপারে গ্রেপ্তার যুবকেরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে পেট্রলবোমা হামলার।
কিন্তু কড়া নিরাপত্তার মুখে ভিসির বাসভবনে হামলার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তাঁরা কয়েকজন পরীবাগ ফুটওভার ব্রিজের কাছে অবস্থান নেন। উদ্দেশ্য ছিল, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়িতে হামলা চালানো। কিন্তু সুযোগ বুঝে তাঁরা যাত্রীবাহী মিনিবাসে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যান।
বাংলামোটরের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে মনিরুল জানান, ঘটনার দিন রাতে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা ফোন করে রবিউলকে বাংলামোটর মোড়ে পুলিশের রিকুইজিশন করা বাসের উপস্থিতির তথ্য দেন। রবিউল বিষয়টি অনুপকে ফোন করে জানান। এরই মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা একজন রিকশাচালকের মাধ্যমে রবিউলের কাছে একটি পেট্রল বোমা পৌঁছে দেন।
ওই পেট্রল বোমা নিয়ে রবিউল ও অনুপ মোটরসাইকেলে করে বাংলামোটরে ওই বাসের কাছাকাছি যান। মোটরসাইকেলের পেছনে বসা অনুপ পেট্রল বোমাটি বাসে ছুঁড়ে মারেন। নিরাপদ দূরত্বে থেকে ঘটনা পর্যবেক্ষণ করেন বিএনপির এক নেতা।
ডিবির দাবি, এ হামলাসহ ঢাকা মহানগরে বেশ কয়েকটি হামলার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হিসেবে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম এসেছে। আরও তদন্ত করে জড়িত থাকার প্রমাণ সুস্পষ্ট হলেই তাঁদের গ্রেপ্তার করা হবে।