ছাত্রদল-বিএনপি মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানা ছাত্রদলের আহ্বায়ক মনোনয়নকে কেন্দ্র করে ছাত্রদলের পদবঞ্চিত একটি পক্ষ ও বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটেছে হামলা-মামলার ঘটনাও। দলীয় সূত্রে জানা গেছে, ২৮ মে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী সিলেট শহরে তাঁর বাসায় ছাত্রদলের কিছু নেতা-কর্মীকে ডেকে নিয়ে সৈয়দ মোফাজ্জল আলীকে থানা ছাত্রদলের আহ্বায়ক ঘোষণা করেন। এতে একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে ২৯ মে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি সভা থেকে ফেরার পথে স্থানীয় তাজপুরে ওই বিক্ষুব্ধ নেতা-কর্মীদের হামলায় আহত হন ছাত্রদলের সৈয়দ মোফাজ্জল আলী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আখলাকুর রহমান ও ব্যবসায়ী এলাইছ মিয়া। মোফাজ্জলের ওপর হামলার ঘটনার পরদিন ওসমানীনগর থানা বিএনপির এক জরুরি সভায় জেলা ছাত্রদলের সদস্য এনায়েত হোসেন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মনছুর আহমদ, থানা ছাত্রদলের সদস্য আকবর, সমর ও জাবেদকে দল থেকে বহিষ্কার করা হয়। একই দিনে এই পাঁচজনকে আসামি কর্রেমামলা করেন আহত ছাত্রদল নেতা মোফাজ্জল। গত সোমবার সন্ধ্যায় উসমানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মিসভার আয়োজন করা হয় পীরেরবাজারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। সভায় ছাত্রদলের নেতা এনায়েত হোসেনকে তাঁর নিজ এলাকায় বর্জনের ব্যাপারে আলোচনা করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় এনায়েত হোসেনের নেতৃত্বে কিছু নেতা-কর্মী সভাস্থলে গিয়ে হট্টগোল শুরু করেন। এ সময় তাঁরা ওসমানীনগর থানা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলীর ওপর হামলার চেষ্টা করেন। এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিঃস্বার্থভাবে যারা কাজ করে যাচ্ছে তাদের না জানিয়ে বাসায় ডেকে নিয়ে অপেক্ষাকৃত কনিষ্ঠ একজনকে নেতৃত্ব দেওয়ায় ত্যাগী নেতা-কর্মীরা ক্ষুব্ধ্র হয়ে উঠেছে।’ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেন, জেলা কমিটির থানা ছাত্রদলের কার্যক্রম তদারক করার কথা থাকলেও ইলিয়াস আলীর কারণে আমরা তা করতে পারি না। বিষয়টি আমরা কেন্দ্রীয় ছাত্রদলকে জানিয়েছি। ওসমানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমরান রব্বানী বলেন, প্রকৃত ছাত্রকে ছাত্রদলের নেতৃত্ব দেওয়া হয়েছে। অছাত্রদের বাদ দেওয়ায় কিছু অছাত্র নেতা-কর্মী ক্ষুব্ধ হতে পারে।এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না।’