ছাত্রদল-শিবিরের ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে অধ্যক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসভবনে হামলা করে এবং পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ এনে ছাত্রদল ও ছাত্রশিবিরের ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় তিনি মামলাটি করেন। এদিকে, অধ্যক্ষের বাসভবনে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোসহ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, মামলায় ছাত্রশিবির ও ছাত্রদলের এক ডজন নেতা-কর্মীসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী অধ্যক্ষ নিজেই।
মামলায় অধ্যক্ষ অভিযোগ করেন, চলতি মাসেই বিরোধী দলের হরতালে তাঁর বাসায় প্রথম দফা ককটেল হামলা চালানো হয়। সোমবার রাত পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে তাঁর বাসভবনে প্রথমে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বাসভবনের সামনে থাকা শিক্ষার্থী পরিবহনের চারটি গাড়ি ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় অধ্যক্ষের ব্যক্তিগত গাড়িটিও।
অধ্যক্ষ দাবি করেন, আজিজুল হক কলেজে যোগদানের আগে তিনি রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। তখন ওই কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন এবং সংগঠনটির নেতা-কর্মীদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুটি মামলা করেন। তিনি দাবি করেন, সোমবারের ঘটনায় হামলাকারী কয়েকজনকে তিনি চিনে ফেলেছিলেন। এ কারণেই তাঁর বাসায় হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলেরও সম্পৃক্ততা ছিল।
এদিকে, অধ্যক্ষের বাসভবনে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, গাড়ি পোড়ানোসহ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছেন। শিক্ষক পরিষদের সভায় ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।