ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদকে পৃথক মামলায় রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চার মামলায় কাদেরের আট দিন এবং পাঁচ মামলায় হাবিবের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও রমনা থানায় করা চারটি মামলার প্রতিটিতে আবদুল কাদেরকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রতিটি মামলায় তাঁর দুই দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও তিনি রিমান্ডে ছিলেন।

পল্টন থানার চার মামলায় পৃথক আদালতে পুলিশ হাবিবকে ৩১ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া নিউমার্কেট থানার একটি মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে অপর একটি আদালত দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে দুই দফায় হাবিবকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পল্টন থানার পুলিশ।