ছাত্রদল সভাপতির জামিন আবেদন আবারও নামঞ্জুর
পটুয়াখালীতে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক বিমল চন্দ্র সিকদার তা নামঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার পটুয়াখালীর জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম এস এম তারেক শামসের আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
রাজীবের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ সরওয়ার কালাম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। গতকাল শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, রাজীবকে ঢাকার মামলায় দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী জেলা কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
১৯ জুলাই রাত ১১টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে রাজীবসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের লাগেজ তল্লাশি করে ৪৫টি ইয়াবা বড়ি ও একটি মদের বোতল উদ্ধারের দাবি করে পুলিশ।