ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার পুলিশ তাঁকে আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাবিবুরকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, হাবিবুর যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। সেখানে তাঁর পরিবারের সদস্যরা থাকেন।

২২ সেপ্টেম্বর ২০-দলীয় জোটের হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানার পুলিশ একটি মামলা করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। হাবিবুরকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং কাল সোমবার দেশের সব থানা, কলেজ ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।