ছাত্রদলকর্মীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রদল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শুক্রবার রাত ১২টার দিকে সংগঠনের ব্যানার লাগাতে ইতিহাস বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র ও ছাত্রদলকর্মী মো. শরিফুল ইসলামসহ পাঁচ-ছয়জন ক্যাফেটেরিয়া এলাকায় যান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ, যুগ্ম সম্পাদক আজগর আলিসহ ৮-১০ জন ছাত্রলীগকর্মী রড, লাঠিসহ সেখানে উপস্থিত হন। সেখানে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগকর্মীরা ব্যানার লাগাতে আনা হাতুড়ি দিয়ে পিটিয়ে শরিফকে আহত করেন। এ সময় ছাত্রদলের অন্য কর্মীরা পালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা শরিফকে উদ্ধার করে সাভারের এনাম হাসপাতালে ভর্তি করেন।আহত শরীফুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর শরীরে হাতুড়ি দিয়ে আঘাত করেছেন। আঘাতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। তিনি জানান, তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।এদিকে ছাত্রলীগের নেতা পারভেজ ও আজগর আলী তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের কতিপয় জুনিয়র কর্মী ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছেন—এ কথা শোনার পর তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। হামলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা নেই। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাচ্ছি।’ তিনি জানান, এ দাবিতে আজ রোববার প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে।প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।