ছাত্রদলের অনুষ্ঠানে হামলা
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী ও ২৬ নভেম্বর অনুষ্ঠেয় বিএনপির রোডমার্চ সফল করার প্রস্তুতি সভা পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার সকালে স্থানীয় মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পেছনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠান চলছিল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খাঁন। ছাত্রদল দাবি করেছে, পুলিশের লাঠিপেটায় তাদের প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ছাত্রদল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন জানান, তাঁরা ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছিলেন। সেই সঙ্গে রোর্ডমার্চ সফল করতে নিজেদের মধ্যে আলোচনার জন্য স্থানীয় বিএনপির কার্যালয়ে তাঁরা সভার আয়োজন করেন। ইলিয়াস হোসেন দাবি করেন, বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে সাদা পোশাকে হকিস্টিক হাতে ১৫-২০ জন পুলিশের সদস্য এসে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। পুলিশের তাড়া খেয়ে নেতা-কর্মীরা যখন ছোটাছুটি করেছেন, তখন অপর দিক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তাঁদের ওপর হামলা চালান। এতে কমপক্ষে ২০ জন আহত হন। আহত নেতা-কর্মীদের মধ্যে মিঠুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান জানান, যাঁরা সমাবেশের আয়োজন করেছিলেন, তাঁরা প্রশাসনের কোনো অনুমতি নেননি। তা ছাড়া, রাস্তা বন্ধ করে রাস্তার ওপর সমাবেশ করার খবর পেয়ে পুলিশের একটি গাড়ি সেখানে যায়। গাড়ি থেকে পুলিশ নামতে দেখে সমাবেশকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ কোনো হামলা করেনি। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, ছাত্রলীগের কোনো কর্মী ছাত্রদলের সমাবেশে হামলা করেননি।