ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক নেতার নেতৃত্বে অপর এক নেতার ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ ঘটনা ঘটে।আহত ওই নেতার নাম ইমতিয়াজ আহম্মেদ। তিনি ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক একরামুল হক ও ইমতিয়াজ আহম্মেদ আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে একরামুলসহ পাঁচ-ছয়জন অতর্কিত ইমতিয়াজকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় ইমতিয়াজ দৌড়ে কলাভবনের সামনে গিয়ে পড়ে গেলে তাঁরা তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একরামুল হক হামলা চালানোর কথা স্বীকার করে বলেন, ‘ইমতিয়াজ গ্রুপিং করে দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার পাঁয়তারা করছিল। এ জন্য আমরা তাকে মারধর করেছি।’ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘কিছু বুঝে উঠার আগেই একরামুল ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়েছে।’ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।