সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের এক পক্ষ সংগঠনটির ক্যাম্পাস কমিটি ঘোষণা করেছে। এই কমিটিকে অবৈধ দাবি করে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে অপর পক্ষ।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এই কমিটি গঠন ও প্রত্যাখ্যানের ঘটনা ঘটে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যুবায়ের বিভিন্ন সংবাদমাধ্যমে এম এ রাকিবকে সভাপতি ও শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুদীপ জ্যোতি এষ পাল্টা বিবৃতি দিয়ে ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে তা প্রত্যাখ্যান করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে যুগ্ম আহ্বায়ক যুবায়ের দাবি করেন, আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।