সিলেটের মদনমোহন কলেজে যাওয়ার পথে এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় গতকাল মঙ্গলবার বহিরাগত ব্যক্তিদের সঙ্গে নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্রদলের ১২ কর্মী আহত হন। এ সময় ছাত্রদল-নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। পরে ছাত্রদল ক্যাম্পাসের বাইরে গিয়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে মেডিকেল কলেজ এলাকায় ছাত্রদলের একটি পক্ষের কর্মীরা কলেজের ছাত্রলীগ কর্মী রেজা মাসুদকে কুপিয়ে আহত করেন। তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা কলেজ ক্যাম্পাসে সংগঠিত হলে বহিরাগত নেতা-কর্মীদের একটি পক্ষ তাঁদের সঙ্গে যোগ দেয়। এ সময় তাঁরা ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। পরে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রদলের কর্মী আলী আকবর, সাকিবুজ্জামান সাকিব, ভুলন কান্তি তালুকদারসহ ১২ জন আহত হন। পরে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল-নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষ ও ছাত্রদলের ব্যানার-পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন।
পরে ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্রদলের নেতা-কর্মীরা লামাবাজার এলাকায় তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা ও লামাবাজার ফাঁড়ির পুলিশ ক্যাম্পাস ও লামাবাজার মোড়ে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।
সরেজমিনে দেখা যায়, কলেজের একাডেমিক ভবনের বারান্দায় ছোপ ছোপ রক্ত। তিনটি কক্ষের বেঞ্চ বারান্দায় এলোমেলো করে রাখা। ছাত্রদলের পোস্টার-ব্যানার ছিঁড়ে এনে ক্যাম্পাসের এক কোণে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ক্যাম্পাসে অবস্থান করছিলেন।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ও ওই কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রুমেল আহমদ জানান, ছাত্রদলের সন্ত্রাসীরা এত দিন ক্যাম্পাসছাড়া ছিল। গতকাল সকালে সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে রেজাকে কুপিয়ে আহত করে। এ কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের ক্যাম্পাসছাড়া করেন।
কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ জানান, ছাত্রলীগের কর্মীর ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের কেউ জড়িত নন।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নারায়ণ দত্ত জানান, ছাত্রদল-ছাত্রলীগ কর্মীদের মারামারির খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ যাওয়ার পরই পরিস্থিতি শান্ত হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।