ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা আহত ২
পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ রোববার এ নির্বাচন হওয়ার কথা ছিল। গতকাল শনিবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় বিএনপির এক অংশের সমর্থিত ভিপি পদপ্রার্থীসহ দুজন আহত হয়েছেন। গতকাল অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে নিরাপত্তাহীনতা বোধ করে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। এ কারণে গতকাল নির্বাচন তফসিলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে নির্বাচন বন্ধ ঘোষণার পরপরই ছাত্রলীগের এক অংশ (ভিপি প্রার্থী খায়রুল ইসলাম ও জিএস এস এম বায়েজিদ সমর্থিত) শহরে বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে এর কিছুক্ষণ পর ছাত্রলীগের আরেক অংশের ভিপি প্রার্থী ফয়সাল মাহাবুবের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। পিরোজপুর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, কলেজ থেকে দূরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ সদস্য আল-আমিন আহত হয়েছেন।