চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের অন্তত ছয় কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে সংগঠনটির সাত কর্মী আহত হন। গুরুতর আহত দুই কর্মী সাঈফ আহমেদ ও ইউনুস আকন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির দাবি এবং তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদের সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান।
হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম ও সাবেক অর্থ সম্পাদক আবদুল কাইয়ুমসহ ছাত্রদলের অন্তত ছয় কর্মী আহত হন। এরপর পুলিশ এসে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আবদুর রহমান নামে ছাত্রদলের এক কর্মীকে পুলিশ আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সাইফুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ বিনা উসকানিতে ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা চালিয়েছে। কিন্তু পুলিশ হামলাকারী ছাত্রলীগের কর্মীদের আটক না করে আমাদের ধাওয়া দেয় এবং এক কর্মীকে আটক করে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এর বিচার চাই। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নস্যাৎ করতে চাইলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাঁদেরকে বাধা দেয়।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় মিছিল করার আগেই ছাত্রদলের নেতা-কর্মীদের বিষয়টি বুঝিয়েছি। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে কর্মসূচি চালিয়ে যায়। পরে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’