খুলনা মহানগর ছাত্রদলের ঘোষিত চারটি থানা ও চারটি কলেজের কমিটি নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের একটি অংশের নেতা-কর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে বলছেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সভাপতি-সাধারণ সম্পাদক তাঁদের পকেট কমিটি গঠন করেছেন। আর কেন্দ্রীয় ছাত্রনেতারা বলছেন, এটি অবৈধ কমিটি।
দলের একাধিক নেতা-কর্মী জানান, ২০১০ সালের ৭ ডিসেম্বর খুলনা মহানগর ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। ২০১১ সালের ২ মে বর্ধিত সভায় ভেঙে দেওয়া হয় নগরের থানা ও কলেজ কমিটি। এরপর গত তিন বছরে আর কমিটি হয়নি। ৬ জুলাই মহানগর ছাত্রদলের ইফতার মাহফিল হয়। ওই দিন রাতেই তড়িঘড়ি করে নগরের সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা এবং পলিটেকনিক কলেজ, সোহরাওয়ার্দী, মুহসীন কলেজ ও আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের একাংশের নেতারা।
৮ জুলাই খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতা মিজানুর রহমান ও মশিউর রহমান অভিযোগ করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠন করেছেন। কমিটি গঠনের ক্ষেত্রে কারও মতামত নেওয়া হয়নি। কমিটির অনেকেই মাদক মামলার আসামি। অন্যরা বিবাহিত ও চাকরিরত।
নগরের মজিদ মেমোরিয়াল (সিটি) কলেজ ছাত্রদলের সাবেক জিএস মশিউর রহমান বলেন, ‘দলের জন্য সময়-শ্রম দিয়ে, পুলিশের লাঠিপেটা খেয়ে আজ আমরা কোনো পদ পাইনি। কেন্দ্রীয় মতামত ছাড়াই তারা এই কমিটি গঠন করেছে। এই কমিটি সম্পর্কে কেউ কিছু জানে না। তৃণমূল নেতা-কর্মীরা বৈষম্যের স্বীকার হয়েছে। তাই তারা এটি বাতিলের দাবিতে আন্দোলন করছে।’
খুলনা সদর থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে টাকার বিনিময়ে পদ-বাণিজ্য করে গঠনতন্ত্র পরিপন্থী, অসাংবিধানিক উপায়ে রাতের আঁধারে যে কমিটি দেওয়া হয়েছে, তা তৃণমূল নেতা-কর্মীরা প্রত্যাখ্যান করেছেন।
মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম বলেন, ‘কমিটি গঠনের আগে সবার মতামত নেওয়া উচিত ছিল। তা ছাড়া কাউন্সিল করা হলে যাদের নেতা, তারা ভোট দিয়ে বেছে নিত। তাহলে এ ঝামেলা হতো না। আমরা দুই দল নিয়ে বসেছি। কিছুটা সংস্কারের চেষ্টা করছি। এভাবে চললে দলটি দুর্বল হয়ে পড়বে।’
নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেল বলেন, ‘নেত্রী নির্দেশ দিয়েছেন রমজান মাসের মধ্যে কমিটি করতে; আমরা তা-ই করেছি। এর জন্য কেন্দ্রে ও স্থানীয় নেতা-কর্মীদের জানানো হয়েছে। যারা প্রকৃত ছাত্রদল করে, তারা কমিটিতে স্থান পেয়েছে। আর যারা কাজকর্ম, মিছিল-মিটিং করেনি, তারা পদও পায়নি। তারা এখন মিথ্যা বলে বেড়াচ্ছে।’
অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে কামাল বলেন, যাঁরা পদ পাননি, তাঁরা এসব অভিযোগ করছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘এটি একটি অবৈধ কমিটি। কারণ, এই কমিটির জন্য কোনো প্রস্তুতি সভা করা হয়নি, কোনো কাউন্সিল করা হয়নি। রাতের আঁধারে কমিটি করা হয়েছে। ছাত্রদল কোনো গোপন পার্টি নয় যে রাতের আঁধারে কমিটি করে বিজ্ঞপ্তির মাধ্যামে পত্রিকায় তা প্রকাশ করতে হবে। বিষয়টি আমি সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি।’
মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রদল নেতাদের দুই পক্ষকে নিয়েই আমরা বসেছি। সবার অভিযোগ শুনেছি। কয়েকটি ইউনিটের কমিটি সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো সংশোধন করা হলে সব ঠিক হয়ে যাবে।’