ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বঞ্চিতদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের চট্টগ্রাম নগর কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে পদবঞ্চিত তৃণমূল নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেছেন। নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির মহানগর শাখার এক নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নাম ভাঙিয়ে ছাত্রদলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এর অংশ হিসেবে ছাত্রদলের মাঠপর্যায়ের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অছাত্র, ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী দিয়ে রাতের আঁধারে টাকার বিনিময়ে ছাত্রদলের পকেট কমিটি করেছে।
বক্তারা আরও বলেন, এই কমিটি দিয়ে আন্দোলন কর্মসূচি সফল হবে না। তাই অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে ছাত্রদলের মহানগর কমিটি পুনর্গঠন করতে হবে। সমস্যা সমাধানে পদবঞ্চিত নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ছাত্রনেতা নূর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, আজম উদ্দিন, তৌহিদুল ইসলাম, আবদুল হামিদ, রবিউল হোসেন, আকতার হোসেন প্রমুখ।
এর আগে কাজীর দেউড়ি মোড় থেকে মিছিল নিয়ে পদবঞ্চিত নেতা-কর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় জড়ো হন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এলে সেখান থেকে তাঁরা মিছিলসহ চলে যান।