ছাত্রদলের কমিটিতে ভাঙারি দোকানি ও নেশাগ্রস্তদেরও স্থান দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে অছাত্রদের পাশাপাশি ‘ভাঙারি দোকানি’ ও ‘নেশাগ্রস্তদের’ স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের পদবঞ্চিত নেতারা।
গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। একই সঙ্গে ১১ জুনের মধ্যে কমিটি পুনর্গঠন করে বঞ্চিতদের পদ-পদবি দেওয়ার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান দাবি করেন, ছাত্রদলের ২৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ৭০ জন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কমিটিতে অর্থের বিনিময়ে পদ পেয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও শ্রমিক দলের নেতারাও।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদলের কমিটিতে ঠাঁই পেয়েছেন সাভার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান এবং আশুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আইয়ুব খান। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক বর্মণ ও স্টেট ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সহসাংগঠনিক সম্পাদক, ৩১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আদনান আলমকে সহ-স্কুলবিষয়ক সম্পাদক, মাই টিভির ব্যুরোপ্রধান সোয়েব খন্দকার ও ঢাকা ব্যাংকে কর্মরত ওমর ফারুককে সহসাধারণ সম্পাদক এবং জাসাস নেতা আমজাদ হোসেন, ইতালিপ্রবাসী গোলাম মোর্শেদ রাসেল ও ঢাকার নবাবপুর রোডের ভাঙারি দোকানি খোরশেদ আলমকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব। কমিটি গঠনের পরপরই সংগঠনে বিদ্রোহ দেখা দেয়।
গতকালের সংবাদ সম্মেলনে যোগ্য ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে ছাত্রদলের এ কমিটি পুনর্গঠনের জন্য খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাবেক আপ্যায়ন সম্পাদক রুহুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এ আদেল মোহাম্মদ জুয়েল, জাকির হোসেন, এম আর চৌধুরী, ক্রীড়া সম্পাদক আহসানুল হক, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, সহপ্রচার সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।