রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল কমিটিতে জোর করে ছাত্রদলের কর্মীদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল কমিটি গঠনে এ ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২৪ জুন শাহ মখদুম হল শাখার ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এস এম খলিলুর রহমানকে সভাপতি করে গঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি রাজু, ইমতিয়াজ, মাহফুজ আলম ওরফে আরিফ ও ওসমান সরকার; সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত মাহমুদ ও আরিফ হাসান। খলিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১১ সদস্যের ওই কমিটিতে ছাত্রদলের চার কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ এনেছে ছাত্রদল। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দুই কর্মীর নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মাহফুজ আলম ও আরিফ হাসান।
ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য রবিউল করিম দাবি করেন, কমিটির সহসভাপতি মাহফুজ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা বলেন, ‘ছাত্রলীগ তাদের ইমেজ সংকটের কারণে কর্মী না পেয়ে জোর করে ছাত্রদলের কর্মীদের টানতে চাইছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী বলেন, ‘যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি করেছে, তাদেরই পদ দেওয়া হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে তাদের (পদ পাওয়া কর্মীদের) বিভিন্ন রকম ভয়ভীতি দেখানোর ফলে তারা এখন অস্বীকার করতে পারে।’
সহসভাপতির পদ পাওয়া মাহফুজ আলম ওরফে আরিফ নিজেকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমার প্রকৃত নাম আরিফুল ইসলাম। হল কমিটির সভাপতি আমাকে ভয় দেখালে আমি মাহফুজ আলম আরিফ বলে মিথ্যা তথ্য দিই। তাদের ভয়ে বর্তমানে শাহ মখদুম হলের ২৪১ নম্বর কক্ষ ছেড়ে দিয়ে ছাত্রাবাসে অবস্থান নিয়েছি।’ একই কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া আরিফ হাসান।
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের শাহ মখদুম হল কমিটির সভাপতি খলিলুর রহমান দাবি করেন, এ রকম কোনো ঘটনাই ঘটেনি। যাঁদের নাম বলা হচ্ছে তাঁরা কমিটিতে নেই।