প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা গতকাল মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত আহসান উজ্জামান ওরফে ওলিনকে গুরুতর আহত অবস্থায় রাতে ঢাকার একটি হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। আহসান বিশ্ববিদ্যালয়ের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে আহসান উজ্জামানের নেতৃত্বে ছাত্রদলের ২০-২৫ জন কর্মী গত সোমবার হরতালের দিন গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিল শেষে টুকিটাকি চত্বরে আড্ডা দিচ্ছিলেন আহসান। এ সময় ছাত্রলীগের কর্মী ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র নয়নের নেতৃত্বে আট-দশজন কর্মী এসে আহসানের বুক, পেট ও বাম হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।