ছাত্রদলের কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার রাতে শহীদ শামসুল হক হলে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-২-এর শিক্ষার্থী ছাত্রদলের কর্মী আবিদ আহমেদ আকন্দ বিএনপির নেতা তারেক রহমানের জন্মদিনের পোস্টার সাঁটাতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দুই সহকর্মীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায় যান। খবর পেয়ে রাত দুইটায় সেখানে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, পাঠাগার সম্পাদক, বঙ্গবন্ধ শেখ মুজিব হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগঠনের ১০-১২ জন নেতা-কর্মী। তাঁরা আবিদকে ধরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হলের অতিথিকক্ষে নিয়ে যান। সেখানে রাতভর তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ভোর চারটার দিকে ভারপ্রাপ্ত প্রক্টর সাজ্জাদ হোসেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা সুলতান উদ্দিন ভুঞা ঘটনাস্থলে গিয়ে আবিদকে উদ্ধার করেন। তাঁকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আবিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বলেন, ‘আবিদ বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের ছাত্রলীগের কর্মী ছিল। এখন সে যদি অন্য ছাত্রসংগঠনের পোস্টার সাঁটাতে যায়, তবে তাকে বোঝানোর দায়িত্ব আমার নিশ্চয়ই আছে।’ঘটনার শিকার আবিদ আহমেদ আকন্দ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রদলের সঙ্গে জড়িত। আমাকে নিয়ে ছাত্রলীগ ষড়যন্ত্র করছে।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সাজ্জাদ হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য ছাত্রনেতাদের মধ্যে সমঝোতা প্রয়োজন। আমরা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’