জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ছাত্রদলের এক কর্মীকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রদলের কর্মী শেখ আবদুল্লাহ ইশতিয়াককে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র ও ছাত্রদলের কর্মী ইশতিয়াক পরীক্ষাসংক্রান্ত কাজে গতকাল সকালে বিভাগে যান। বেলা একটার দিকে তিনি বিভাগ থেকে চলে যাওয়ার সময় সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে আ ফ ম কামাল উদ্দীন হলের জাকারিয়ার নেতৃত্বে ছাত্রলীগের সাত-আটজন কর্মী লোহার পাইপ দিয়ে তাঁকে মারধর করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া ঘটনাস্থলে গিয়ে ইশতিয়াককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। ইশতিয়াক অর্থনীতি বিভাগের ৩৪তম ব্যাচের ছাত্র। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে ছাত্রলীগের কর্মী জাকারিয়া দাবি করেছেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্ঝর আলম বলেন, ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।