ছাত্রদলের কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীকে গতকাল শনিবার মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। গুরুতর আহত ছাত্রদলের কর্মী মো. আবু বকর আল নোমানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আবু বকর আল নোমান ব্যবহারিক ক্লাস করতে ক্যাম্পাসে আসেন। দুপুর একটার দিকে ক্লাস শেষে ফেরার পথে কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন রাস্তার পাশে ছাত্রলীগের কর্মী রেজা, নাসিরসহ পাঁচ-ছয়জন নোমানকে লোহার পাইপ দিয়ে পেটান। সাধারণ শিক্ষার্থীরা নোমানকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নোমানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, গত কয়েক মাসে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন সময় ছাত্রদলের কর্মীদের মারধর করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের সব সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় ছাত্রলীগের কোনো কর্মী মারধরের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।