সাংগঠনিক কোন্দলের কারণে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরস্পরের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছেন। বিএনপির কর্মসূচিতে এসেও ছাত্রদলের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে সংঘাত-হাঙ্গামায় জড়িয়ে পড়েন। এতে ত্যক্তবিরক্ত হয়ে দলীয় কর্মসূচিতে ছাত্রদলকে আসতে নিষেধ করেছে জেলা বিএনপি।
সর্বশেষ ৯ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি সমাবেশ ডাকে ছাত্রদলের বিবদমান দুটি পক্ষ। এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সভাপতির পক্ষকে শহরের এডওয়ার্ড পার্ক এবং সাধারণ সম্পাদকের পক্ষকে খোকন পার্কে সমাবেশ করার অনুমতি দেয়।
কোন্দলের কারণে জেলা ও শহর কমিটিসহ পাঁচটি সাংগঠনিক কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও সমেঞ্চলন হচ্ছে না। এতে ক্ষুব্ধ ছাত্রদলের তৃণমূল নেতারা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম তৃণমূলের অভিযোগ সমর্থন করে বলেন, জেলার সভাপতি কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে হত্যা মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী, বালু ব্যবসায়ী, মাদকসেবী, ছাত্রলীগ ও ছাত্রশিবির থেকে আসা নেতা, অছাত্র এবং বিতর্কিতদের নিয়ে গঠিত কমিটির অনুমোদন নিয়েছেন। তিনি নিজেও হোটেল ব্যবসায়ী।
সভাপতি জাহাঙ্গীর আলম পাল্টা অভিযোগ করে বলেন, ছাত্ররাজনীতির চেয়ে সাধারণ সম্পাদক এখন গাড়ি কেনাবেচা ব্যবসায় ব্যস্ত। সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে তিনি সংগঠনে বিভেদ সৃষ্টিতে বেশি মনোযোগী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ছাত্রদলের কোন্দলের কথা স্বীকার করে বলেন, বিএনপির কর্মসূচিতে এসে নিজেদের মধ্যে হাঙ্গামায় জড়িয়ে পড়ে ছাত্রদল। এ কারণে কর্মসূচিতে ছাত্রদলের কাউকে না আসার জন্য মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া বলেন, বগুড়া জেলা ছাত্রদলে কোনো বিরোধ নেই। তারা ঐক্যবদ্ধ। তবে বগুড়া বিএনপিতে ছাত্রদলকে ‘নিষিদ্ধ’ করার বিষয়টি তাঁর জানা নেই।
সংগঠন থেকে জানা গেছে, জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি সমেঞ্চলনের মাধ্যমে হয়নি। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ২০১০ সালের এপ্রিল মাসে একটি কর্মিসভা হয়। ওই সভায় শহর-উপজেলা, কলেজসহ ২৭টি সাংগঠনিক কমিটি থেকে শীর্ষ পাঁচজন এবং জেলা কমিটির ৮১ জন নেতার মতামত নেওয়া হয়। এরপর কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফিরে পাঁচ সদস্যের জেলা কমিটির ঘোষণা দেন। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ হাসানুজ্জামান পলাশকে সহসভাপতি, ফারুকুল ইসলামকে সাংগঠনিক এবং সাখাওয়াত হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ৮১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
শাহাবুল আলম অভিযোগ করেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর। মেয়াদ পার হওয়ার পর কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে বিতর্কিতদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে নিয়েছেন সভাপতি। তিনি বলেন, কমিটিতে স্থান পাওয়া বিতর্কিতদের মধ্যে ছাত্রত্ব নেই অধিকাংশের, স্কুলের গণ্ডি পার হয়নি অন্তত ২৫ জন এবং মাদকসেবী প্রায় ২৫ জন। সভাপতির কারণেই বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নিষিদ্ধ।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুর রহমান অভিযোগ করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক এখন সারাক্ষণ দ্বন্দ্ব নিয়েই ব্যস্ত। তাঁদের দুজনের ছাত্রত্ব নেই। তাঁরা দলীয় কার্যালয়ে আসেন না। জেলার নেতাদের কারণে সমেঞ্চলন হচ্ছে না।
জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রদলের কমিটিতে কোনো অছাত্র ও বিতর্কিত নেতা নেই। সাধারণ সম্পাদকেরই ছাত্রত্ব নেই। তা ছাড়া বর্তমান কমিটি অবৈধ হলেও তা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তবে তিনি স্বীকার করেন, জেলা বিএনপি সাময়িকভাবে তাঁদের কর্মসূচিতে যেতে নিষেধ করেছে।