জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী গতকাল শনিবার বিকেলে ছাত্রদলের দুই কর্মীসহ ছয়জনকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী মঙ্গলবারের ধামরাইয়ে আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সীমানা প্রাচীরে স্লোগান লেখার সময় তাঁদের মারধর করা হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে আশুলিয়া থানা ছাত্রদলের কর্মী সুমন ও রাসেল কয়েকজন দেয়াললিখনদার নিয়ে ইনস্টিটিউটে যান। খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে সীমানা প্রাচীরে নানা স্লোগান লিখছিলেন দেয়াললিখনদারেরা। তিনটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা দাবিদার শরীফুল ইসলাম ১০-১২ জন সহযোগী নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুমন, রাসেলসহ দেয়াললিখনদারদের মারধর করে তাড়িয়ে দেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মৌখিকভাবে জানানো হয়। রোববার (আজ) লিখিত অভিযোগ দেওয়া হবে।এ ব্যাপারে কথা বলতে গতকাল প্রক্টর আরজু মিয়ার মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি ধরেননি।মারধরের অভিযোগ অস্বীকার করে শরীফুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো স্লোগান না লেখার জন্য তাঁদের অনুরোধ করতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’