ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার বিক্ষোভ করেছেন ছাত্রসংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা। একই ভবনে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত ও উপযুক্ত পদ না পাওয়া নেতা-কর্মীরা আজ বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা বিক্ষোভ করতে থাকেন। দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এখনো নয়াপল্টন এলাকায় অবস্থান করছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের বর্তমান কমিটির সহসভাপতি মনিরুজ্জামান নয়াপল্টনে আসার চেষ্টা করেন। এ সময় পদবঞ্চিত নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেন বলে জানা গেছে।
সম্প্রতি ছাত্রদলের ২০১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির ঘোষিত তালিকায় কেউই নিয়মিত ছাত্র নন। ঘোষণার পর পদবঞ্চিত নেতা-কর্মীরা এই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ-মিছিল করে আসছেন।