মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩ জনের নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম) আদালতে গতকাল মঙ্গলবার অভিযোগপত্রটি দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইমাউল হক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত ২৬ আসামির সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় নতুন করে চারজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের প্রতিবাদে সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালে গত ২১ মার্চ মাগুরায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার মঘিরঢাল এলাকায় দুর্বৃত্তরা বালুবোঝাই চলন্ত ট্রাকে দুটি পেট্রলবোমা ছোড়ে। এতে চালকসহ ট্রাকের ভেতরে থাকা আট বালুশ্রমিক দগ্ধ হন। ওই দিন ঢাকা নেওয়ার পথে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
ঘটনার পরদিন রাতে মাগুরা সদর থানার পুলিশ বিএনপি-জামায়াতের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ২৫ এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ (৫০), সহসভাপতি মনোয়ার হোসেন খান (৪৫), প্রচার সম্পাদক মিজানুর রহমান (৪২), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান (৩৪), সাধারণ সম্পাদক আকরামুল হক (৩৭), জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ (৩০), সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম মোল্লা (২৮), কেন্দ্রীয় ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়ন (২৬), জেলা ছাত্রদলের নেতা আবু তাহের সবুজ (২৫), ছাত্রদল কর্মী মো. জালাল মোল্লা (২২), যুবদল কর্মী মো. মাহবুর হোসেন (৩০), ছাত্রদল নেতা আল আমিন (২০), রাসেল মণ্ডল (১৬), মো. জাকারিয়া শেখ সাদ্দাম (২৬), পৌর বিএনপির সহসভাপতি কিজিল খান (৪২), আলী আহমেদের ভাই বিএনপি কর্মী বাদশা বিশ্বাস (৪৮), জেলা জামায়াতের আমির মো. আলমগীর বিশ্বাস (৪৫), সম্পাদক মো. মুশতার শেদ বিল্লাহ বাকের (৪০), শিবির কর্মী মো. এরশাদ (২৫), বিএনপি নেতা মো. বাঁশি মিয়া (৪০), বিএনপি কর্মী মো. সজল (৩০), ফারুক হোসেন (৪৫) ও মো. হিটু বিশ্বাস (৩২)।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আবু তাহের ও মো. জাকারিয়া শেখ সাদ্দামের ২৩ মে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পেট্রলবোমা হামলার পরিকল্পনা ও মদদদাতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারাহ মামুন তাঁর খাসকামরায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দিতে আবু তাহের স্বীকার করেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বানিয়ে দেওয়ার কথা বলে আবু তাহেরকে ওই বোমা হামলায় সম্পৃক্ত করেন। এই জবানবন্দির প্রায় এক মাস আগে ২৫ এপ্রিল ছাত্রদল কর্মী রাসেল মণ্ডলও (১৮) আদালতে প্রায় একই ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ওই মামলায় মোট ১১৫ জনকে সাক্ষী করা হয়েছে। আবু তাহের স্বীকারোক্তিতে ২৩ মে মঘিরঢালের পাশ থেকে ১০টি পেট্রলবোমা, নয়টি হাতবোমা ও চারটি জর্দার কৌটার বোমা উদ্ধার করা হয়। এর আগে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ছাড়া প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থলে ব্যবহৃত মুঠোফোনের তথ্য নিয়ে আসামিদের শনাক্ত করা হয়েছে।